1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান ড. তিতুমীরের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান ড. তিতুমীরের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ০ Views

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর অব্যাহত কূটনৈতিক তৎপরতা ও রাজনৈতিক চাপ বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেছেন, মানবিক সহায়তা কখনো রাজনৈতিক সমাধানের বিকল্প হতে পারে না। একইভাবে উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহির প্রয়োজনীয়তাও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র্যাক আয়োজিত ‘রোহিঙ্গা সংকটের দশম বছরে ও পরবর্তী সময়ে : নতুন করে করণীয় নির্ধারণ’ শীর্ষক নীতিনির্ধারণী সংলাপের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

ড. তিতুমীর বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিত উদ্যোগ, কূটনৈতিক তৎপরতা ও রাজনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে। রোহিঙ্গা সংকটের একমাত্র স্থায়ী সমাধান হলো— তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন।

গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্থাপিত পাঁচ দফা প্রস্তাবের উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সংকট সমাধানে একটি সমন্বিত উদ্যোগ নিয়ে এগোচ্ছে।

প্রস্তাবের মধ্যে রয়েছে আন্তর্জাতিক সহযোগিতায় মিয়ানমারে স্থিতিশীলতা প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যাবাসনের জন্য সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরি, বেসামরিক মানুষের ওপর সহিংসতা বন্ধ, রোহিঙ্গাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, অব্যাহত মানবিক সহায়তা, আন্তর্জাতিক ব্যবস্থার মাধ্যমে বিচার ও জবাবদিহি এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে সরাসরি যোগাযোগ অব্যাহত রেখেছে। যাচাইয়ের জন্য দেশটির কাছে আট লাখের বেশি রোহিঙ্গার তথ্যও হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক এজেন্ডায় গুরুত্বের সঙ্গে ধরে রাখতে সব ধরনের বহুপক্ষীয় প্ল্যাটফর্ম ব্যবহার করছে বাংলাদেশ।

তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের সুযোগও এ সংকটের বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখতে সহায়ক হচ্ছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর অপরাধের বিচারের ওপর গুরুত্বারোপ করে ড. তিতুমীর বলেন, গণহত্যা সনদের আওতায় গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান কার্যক্রম দীর্ঘমেয়াদি সমাধানের জন্য ন্যায়বিচার ও জবাবদিহির গুরুত্ব তুলে ধরছে।

তিনি বলেন, গত দুই বছরে রাখাইনের পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তবে এখনো নিরাপদ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি হয়নি। এ পরিবেশ তৈরিতে বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করবে এবং মিয়ানমারকে তার নাগরিকদের ফিরিয়ে নেওয়ার দায়িত্ব পালনে দায়বদ্ধ রাখবে।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত জাতীয় কমিটির কথা উল্লেখ করে তিনি বলেন, গত জুলাইয়ে গঠিত এ কমিটি সংকট মোকাবিলায় একটি কৌশলপত্র তৈরির কাজ করছে।

এদিকে রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে অর্থ উপদেষ্টা উন্নয়ন সহযোগীদের স্বল্পমেয়াদি ও বিচ্ছিন্ন সহায়তার পরিবর্তে পূর্বানুমানযোগ্য, বহু বছর মেয়াদি এবং উন্নয়নমুখী অর্থায়নের আহ্বান জানান।

তিনি বলেন, ২০১৯ সালে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মানবিক সহায়তার পরিমাণ ছিল প্রায় ৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার। ২০২৫ ও ২০২৬ সালে তা কমে বছরে ৫০ কোটি ডলারের নিচে নেমে এসেছে। এ পর্যন্ত প্রায় ৮৩০ কোটি ডলারের প্রয়োজনের বিপরীতে ৫৫০ কোটি ডলারের কিছু বেশি সহায়তা পাওয়া গেছে।

চলতি বছরের যৌথ সাড়াদান পরিকল্পনায় (জেআরপি) ৭১ কোটি ৫ লাখ ডলার সহায়তা চাওয়া হয়েছে, যা আগের বছরের প্রয়োজনের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম। গত মে মাসে পরিকল্পনাটি প্রকাশের সময়ও এর ৩৭ শতাংশ অর্থায়নের ঘাটতি ছিল।

ড. তিতুমীর বলেন, ২০১৯ সালে রোহিঙ্গাদের জন্য মাথাপিছু মানবিক সহায়তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৫৭৫ ডলার, যা ২০২৫ সালে কমে ৩০৫ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে। অর্থায়নের ঘাটতির কারণে মৌলিক সেবাগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু রোহিঙ্গার জন্য খাদ্য সহায়তা কমে মাসে জনপ্রতি মাত্র সাত ডলারে নেমে এসেছে।

তিনি আরও বলেন, গত বছর শিবিরগুলোতে প্রায় ৩ লাখ ৫০ হাজার রোহিঙ্গা শিশু বিদ্যালয়ের বাইরে ছিল। চলতি সপ্তাহ পর্যন্ত শিক্ষা খাতে প্রয়োজনীয় অর্থের মাত্র এক-চতুর্থাংশ এবং জীবিকা ও দক্ষতা উন্নয়ন খাতে এক-তৃতীয়াংশের সামান্য বেশি অর্থায়ন হয়েছে।

মানবিক চাহিদা ও প্রাপ্ত সহায়তার মধ্যে ক্রমবর্ধমান ব্যবধানকে শুধু অর্থের সংকট হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, এটি মানুষের মর্যাদা, সামাজিক স্থিতিশীলতা এবং সংকটের স্থায়ী সমাধানের সম্ভাবনার জন্যও হুমকি।

তিনি বলেন, প্রতিবছর নতুন করে স্বল্পমেয়াদি সহায়তা সংগ্রহের চেয়ে পূর্বানুমানযোগ্য ও বহু বছর মেয়াদি অর্থায়ন অধিক সাশ্রয়ী এবং কার্যকর। এ সহায়তা অবশ্যই অনুদান হিসেবে দিতে হবে। মিয়ানমারে শুরু হওয়া একটি সংকটের দায় বাংলাদেশের ঋণের বোঝা হয়ে দাঁড়ানো উচিত নয়।

ড. তিতুমীর বলেন, বাংলাদেশের সীমিত রাজস্ব সম্পদ দিয়ে একটি আন্তর্জাতিক মানবিক দায়িত্বের অর্থায়ন অব্যাহত রাখা প্রত্যাশিত হতে পারে না। দীর্ঘস্থায়ী এ সংকটের কারণে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার মতো দেশের নিজস্ব উন্নয়ন অগ্রাধিকার ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়।

তিনি বলেন, ২০১৭ সালে মানবিক বিবেচনায় সীমান্ত খুলে দেওয়ার পর থেকে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে আসছে। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। এর মধ্যে ২০২৪ সালের শুরু থেকে নতুন করে এসেছে প্রায় দেড় লাখ।

দীর্ঘস্থায়ী এ সংকটে আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপের বিষয়টি তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, উখিয়া ও টেকনাফের মানুষ বন ও কৃষিজমি, কর্মসংস্থান, পণ্যমূল্য, সরকারি সেবা এবং স্থানীয় অবকাঠামোর ওপর বাড়তি চাপের মুখে পড়েছে।

আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহযোগিতাকে স্বাভাবিক বিষয় হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্থানীয় মানুষের অর্থনৈতিক সুযোগ, জীবিকা এবং সরকারি সেবায় প্রবেশাধিকারকে রোহিঙ্গা সংকট মোকাবিলার পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ করতে হবে।

সরকারের সামনে দু’টি সমান্তরাল দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, একদিকে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে হবে, অন্যদিকে আশ্রয়দাতা এলাকার বাংলাদেশি নাগরিকদের জীবন ও জীবিকা সুরক্ষিত রাখতে হবে। রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক সমস্যা নয়; এটি বাংলাদেশের উন্নয়ন, সামাজিক সংহতি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতির জন্যও একটি বড় চ্যালেঞ্জ।

জীবিকা ও দক্ষতা উন্নয়নের বিষয়ে তিনি বলেন, মানবিক সহায়তার লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের এমনভাবে প্রস্তুত করা, যাতে তারা ভবিষ্যতে মর্যাদার সঙ্গে নিজেদের জীবন পুনর্গঠন করতে পারে।

সহায়তা কমিয়ে দিলে প্রত্যাবাসন ত্বরান্বিত হবে না; বরং মানুষের দুর্ভোগ বাড়বে এবং তরুণদের মানব পাচার, মাদক নেটওয়ার্ক ও সশস্ত্র গোষ্ঠীর ঝুঁকিতে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেন তিনি।

ড. তিতুমীর বলেন, মিয়ানমারের শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা, স্বীকৃত দক্ষতার সনদ এবং কিছু সঞ্চয় থাকলে একজন তরুণ রোহিঙ্গা রাখাইনে ফিরে নিজের জীবন পুনর্গঠনে তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকবে। তাই দক্ষতা উন্নয়নকে বাংলাদেশে স্থায়ীভাবে একীভূত হওয়ার উদ্যোগ হিসেবে নয়, বরং সম্ভাব্য প্রত্যাবাসনের প্রস্তুতিতে বিনিয়োগ হিসেবে দেখতে হবে।

তিনি বলেন, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও জীবিকার প্রস্তুতি একটি সমন্বিত প্রত্যাবাসন কৌশলের অংশ হওয়া প্রয়োজন। এসব উদ্যোগে আশ্রয়দাতা জনগোষ্ঠীও স্থানীয় নিয়োগ ও বিনিয়োগের মাধ্যমে উপকৃত হবে। তবে তা জাতীয় আইন ও নীতিমালা অনুসরণ করে পর্যায়ক্রমে, নিয়ন্ত্রিতভাবে এবং সরকারের নেতৃত্বে বাস্তবায়ন করতে হবে।

গত ১৬ নভেম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে সংকটটির রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটকে আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

তিনি বলেন, রোহিঙ্গা প্রতিনিধিরা জানিয়েছেন, সংকটটিকে প্রধানত মানবিক জরুরি অবস্থা হিসেবে তুলে ধরায় মিয়ানমারে কয়েক দশকের পদ্ধতিগত নিপীড়ন, প্রাতিষ্ঠানিক বৈষম্য ও নৃশংসতার বিষয়গুলো অনেক ক্ষেত্রে আড়ালে থেকে যাচ্ছে। ত্রাণনির্ভর দৃষ্টিভঙ্গিতে তাদের রাজনৈতিক অবস্থান, সামষ্টিক পরিচয়, ঐতিহাসিক বঞ্চনা ও ন্যায্য আকাঙ্ক্ষাও যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না।

রোহিঙ্গাদের কণ্ঠস্বর ও প্রতিনিধিত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে শুধু মানবিক কর্মসূচির সুবিধাভোগী হিসেবে দেখলে চলবে না; নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘আমাদের শুধু রোহিঙ্গাদের পক্ষে কথা বললেই হবে না, তাদের কথাও শুনতে হবে। তাদের অর্থবহ অংশগ্রহণ ছাড়া তাদের ভবিষ্যৎ নির্ধারণ করা সম্ভব নয়।’

অর্থ উপদেষ্টা উন্নয়ন সহযোগীদের এক বছরের পরিবর্তে দীর্ঘমেয়াদি ও পূর্বানুমানযোগ্য অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, জীবিকা, পরিবেশ পুনরুদ্ধার ও স্থানীয় অবকাঠামো খাতে সহায়তা জোরদারের ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, বাংলাদেশ নিজে এ সংকট সৃষ্টি করেনি, কিন্তু মানবিক বিবেচনায় এর দায়িত্ব নিয়েছে। সংকটের সমাধান না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের সঙ্গে এ দায়িত্ব ভাগ করে নিতে হবে।

রোহিঙ্গা সংকটের দশম বছরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন অঙ্গীকার, আঞ্চলিক সহযোগিতা জোরদার, ন্যায়বিচার প্রতিষ্ঠায় অর্থবহ অগ্রগতি এবং প্রত্যাবাসনের একটি বিশ্বাসযোগ্য পথ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION